Thursday, January 30, 2014

ফাইন-আর্ট ফটোগ্রাফিই সবটা নয়

যদি একজন সেরা ফাইন-আর্ট আলোকচিত্রীর কাছ থেকে সেরা নিউজ ফটো আশা করা হয় তাহলে অবিচার করা হবে। তেমনি একজন ফটোসাংবাদিকের কাছ থেকে বিশুদ্ধতম 'ফাইন-আর্ট ওয়ার্ক' আশা করাও অবিচার। একজন ফাইন-আর্ট আলোকচিত্রীর কর্মকে ফটোসাংবাদিকতার নীতিমালা দিয়ে বিচার করা যেমন ভুল, ফটোসাংবাদিককে ফাইন-আর্টের মাপকাঠিতে বিচার করাও ভুল

সুদীপ্ত সালাম 

আমরা অনেকেই ফাইন-আর্ট ফটোগ্রাফি নিয়ে কথা বলছি। আমাদের কথায় যদি মনে হয়- আমরা পুরো ফটোগ্রাফি ক্ষেত্রটিকেই ফাইন-আর্ট ফটোগ্রাফি হিসেবে অভিহিত করছি- তাহলে আমরা দুঃখিত, আমরা বুঝাতে পারিনি বলে। ফটোগ্রাফি একটি বিশাল কর্মক্ষেত্র। বিভিন্ন শাখা-প্রশাখায় এই ক্ষেত্রটি বিভাজিত। যেমন- আর্ট ফটোগ্রাফি, ফাইন-আর্ট ফটোগ্রাফি, ফটোসাংবাদিকতা, ফরেনসিক ফটোগ্রাফি, ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি, আন্ডারওয়াটার ফটোগ্রাফি, প্রোডাক্ট ফটোগ্রাফি, ইন্ডাস্ট্রিয়াল ফটোগ্রাফি, মডেল ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি ইত্যাদি। ফাইন-আর্ট ফটোগ্রাফি পুরো ফটোগ্রাফির একটি অংশ মাত্র। তবে আমার মতে, এসবের মধ্যে ফাইন-আর্ট ফটোগ্রাফিই প্রধান। কারণ এই বিভাগটির সাথে আলোকচিত্রীর সর্বোচ্চ সৃজনশীলতা জড়িত। যদি একজন সেরা ফাইন-আর্ট আলোকচিত্রীর কাছ থেকে সেরা নিউজ ফটো আশা করা হয় তাহলে অবিচার করা হবে। তেমনি একজন ফটোসাংবাদিকের কাছ থেকে বিশুদ্ধতম 'ফাইন-আর্ট ওয়ার্ক' আশা করাও অবিচার। একজন ফাইন-আর্ট আলোকচিত্রীর কর্মকে ফটোসাংবাদিকতার নীতিমালা দিয়ে বিচার করা যেমন ভুল, ফটোসাংবাদিককে ফাইন-আর্টের মাপকাঠিতে বিচার করাও ভুল। অনেকে প্রশ্ন করতে পারেন ফটোসাংবাদিকতা বা অন্যান্য ফটোগ্রাফিক বিভাগে কি আর্ট থাকতে পারে না? অবশ্যই পারে। কিন্তু ফাইন-আর্ট আর আর্টকে বহুক্ষেত্রে সমার্থক হিসেবে বিবেচনা করা হলেও সূক্ষ্মাতিসূক্ষ আলোচনার সময় বলতেই হয়- এই দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। ফটোসাংবাদিকতা আর্ট হতে পারে, কিন্তু ফাইন-আর্ট নয়। ফাইন-আর্ট হচ্ছে ''শুদ্ধতম কলা''। ছাপানোর উদ্দেশ্য, সংবাদ সরবরাহ করার উদ্দেশ্যে কিংবা সরল বিনোদনের উদ্দেশ্যে সৃষ্ট কর্মটি বিশুদ্ধতম কলা হতে পারে না। এতে দোষেরও কিছু নেই। ফটোসাংবাদিকতা ও অন্যান্য ফটোগ্রাফিক বিভাগের প্রয়োজন, প্রভাব ও গুরুত্ব ফাইন আর্ট ফটোগ্রাফির তুলনায় ভিন্ন। সবাই যদি ফাইন-আর্ট ফটোগ্রাফির ওপর হুমড়ি খেয়ে পড়ে তাহলে সমাজের সত্য-চিত্র কারা তুলে ধরবে? ফরেনসিক ফটোগ্রাফির মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে সাহায্য করবে কে? অসাধারণ সব ফটোগ্রাফিক বিজ্ঞাপন তৈরি করবে কে? অর্থাৎ সবাই একই ধরনের কাজ করবে না, করতে পারে না। এজন্যই ফটোসাংবাদিক জিএমবি আকাশের কাজ আর ফাইন-আর্ট ফটোগ্রাফার মাইকেল উল্ফের কাজ এক হবে না। ফাইন-আর্ট ফটোগ্রাফার সারা পিকারিং, অ্যালেন অস্ট্রেইচার, টনি মেন্ডোজা যা তুলবেন, ফটোসাংবাদিক এন্ড্রু বিরাজ, আবীর আব্দুল্লাহ, এমআর হাসান তা তুলবেন না। ফটোসাংবাদিক, প্রোডাক্ট ফটোগ্রাফার, ফাইন-আর্ট ফটোগ্রাফার- এদের সবার কাজের ধরন, কৌশল ও উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। সবার কাছ থেকে সব আশা করা এবং সবাইকে একই পাল্লায় মাপা অন্যায়। আপনি কি করবেন তা আপনার ইচ্ছে। কিন্তু কি করবেন, প্রধানত কি করবেন- তা ঠিক করা জরুরি।    

No comments:

Post a Comment